
সারাদিনের কথা ডেক্সঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম জয়লাভ করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে।
ভিপি পদে আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পান। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাজহারুল ইসলাম পান ৩ হাজার ৯৩০ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ছাত্রশিবির সমর্থিত ফেরদৌস আল হাসান ২ হাজার ৩৫৮ ভোটে এবং এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা ৩ হাজার ৪০২ ভোটে নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।
জানা গেছে, আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের হাতে প্রথম হামলার শিকার হন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন এবং সমন্বয়ক পদ থেকে পদত্যাগের পর ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের সূচনা করেন।
অন্যদিকে, মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ হয়। ভোট শেষে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর এ ফলাফল ঘোষণা করা হলো।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।
Reporter Name 









