ফয়সাল আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সোনাতলা থানা পুলিশের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নির্দেশনায় থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাতলা বাসস্ট্যান্ড এলাকা সহ উপজেলার বিভিন্ন প্রধান সড়ক, প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।
এসআই শাহ আলম জানান, নির্বাচনী পরিবেশে যেন কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অবৈধ অস্ত্র পরিবহন না ঘটে—সে লক্ষ্যে এই চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, “নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সেজন্য নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।”
স্থানীয় সাধারণ মানুষ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের তৎপরতায় এলাকায় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
Reporter Name 







